বুধবার, ০৮:০৮ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা, দেশে ফেরার পর কারা হেফাজতে রাখা এবং আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ বুধবার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।

নোটিশে আইনজীবী উল্লেখ করেন, তিনি কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে এ উদ্যোগ নেননি। বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ অবস্থান থেকে এ নোটিশ দিয়েছেন।

শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থানের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে নোটিশে। এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে তার জানাশোনা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তার দীর্ঘ অবস্থান এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।

এ ছাড়া ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ তুলে ধরে নোটিশে বলা হয়, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের প্রতিবেশী বা অন্য কোনো রাষ্ট্রে দীর্ঘ অবস্থান কখনো কখনো আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা এবং সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত দেন নোটিশদাতা।

সাত দফা প্রস্তাব

নোটিশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সাতটি পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের উল্লেখ করে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে।

তৃতীয়ত, হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাকে আইনানুগভাবে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

চতুর্থত, বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে পুলিশের নিরাপত্তায় বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ উড়োজাহাজে তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

পঞ্চমত, দেশে ফেরার পর জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ বা উপকারাগার ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এজন্য কারা আইন ও জেল কোড অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাকে ওই স্থানে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

ষষ্ঠত, দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের অধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে। নোটিশে বলা হয়, এ ধারায় আপিল দায়েরের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার মাধ্যমে আপিল শুনানির সুযোগ রয়েছে কি না, তা আদালতের বিবেচনার বিষয় হতে পারে বলে মত দিয়েছেন আইনজীবী।

সপ্তমত, শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম নিরাপত্তার কারণে প্রয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণের কথা বলা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের চূড়ান্ত রায় ও আদেশ কার্যকর করার দাবিও জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাষ্ট্রীয় গোপনীয়তা, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সংবিধান প্রদত্ত অধিকার সমুন্নত রাখার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

তাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার এরই মধ্যে ভারতকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারতের পক্ষ থেকে বিষয়টি আইনি প্রক্রিয়া ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে এখনো তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com