পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামে এক হেলপার নিহত হয়েছেন।
আজ বুধবার ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ দ্রুত এগিয়ে আসে এবং আশপাশের বাসগুলোর ভেতরে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একই সঙ্গে পুলিশ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, ভোররাতে থামিয়ে রাখা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।