তুমি সুন্দর—সুন্দর তোমার ঐ শাড়ির আঁচল,
পেঁচিয়ে নিয়ে কোমরের ঘোচ, চোখেতে আঁকিয়ে কাজল।
নাকে জড়িয়ে স্বর্ণ নোলক, কর্ণে জড়িয়ে দুল,
কোমর সাজিয়েছো রূপার বিছায়, খোপায় গেঁথেছো ফুল।
তোমার রূপে মুগ্ধ আমি, মনে প্রেমের তোর,
কেবলই পাগল হচ্ছি আমি, হৃদয়ে প্রেমের ঘোর।
পাবো না খুঁজে অমন চরণ, আলতা রাঙানো তাহাতে,
হরেক রঙের চুড়িও তুমি, সাজিয়ে নিয়েছো দু’হাতে।
গলায় জড়িয়ে বকুলমালা, জাগিয়ে রূপের শোভা,
যে রূপ দেখে সারা বিশ্ব পাগল, কাটিয়ে রাত্রি-প্রভা।
গোলাপি রঙে রাঙিয়ে দু’ঠোঁট, কপালে আঁকিয়ে টিপ,
তোমার প্রেমে পাগল হয়ে, বক্ষে জ্বলছে প্রেম-প্রদীপ।
দু’পায়ে তোমার নূপুর বাঁধিয়ে, চলেছো তাহার তালে,
দেখেছি তোমায় হৃদয় দিয়ে, কী করে যাই গো ভুলে!
সাজানো ঐ ফুলের বাগান, তোমার পরশ পেলে,
প্রাণের চেয়েও প্রিয় ভ্রমরকে, থাকতে চাইবে ভুলে।
মায়া ভরা দু’চোখ তোমার, লজ্জায় ডুবে থাকে,
ভুলতে পারবো না বলে তোমায়, লিখলাম ছন্দের বাঁকে।