মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৪ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ১০ সেন্ট বা শূণ্য দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম ৩৫ সেন্ট বা শূণ্য দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক শূণ্য ৩ ডলারে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআই তেলের লেনদেন নিষ্পত্তি হওয়ার সম্ভবনা নেই।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এর আগের দিন বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ শতাংশ বেড়েছিল।
ইয়েমেনের হুথিরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রাজধানী রিয়াদের আর্থিক জেলায় হামলার দাবি করার পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দেয়। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনে অন্তত দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামেও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।