মারধর করে পুলিশে দেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন ও চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর আসামি হলেন— আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।
মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়— প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন।
বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁদের ধরে মারধরের পর মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁদের মারধরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও পুলিশ বলছে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী ধানমন্ডি-২৭ এলাকায় মিছিল বের করলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে।
মামলার বিবরণ থেকে জানা যায়— বুধবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন মিছিল বের করেন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন। এ সময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের হেফাজতে নেয়। তবে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছে পুলিশ।