বুধবার, ১২:৩৯ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

দেশের অর্থনীতিতে গতি ফেরাতে এবং দুর্নীতি প্রতিরোধে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। আজ রবিবার (২৮ জুন) বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ দাবি জানান।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, দেশে বিদ্যমান কালো টাকার দৌরাত্ম্য কমাতে এবং দুর্নীতিবাজদের জমানো অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তারা বিপুল পরিমাণ নগদ অর্থ ঘরে রেখে গেছেন। খোকনের প্রস্তাব অনুযায়ী, ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিল করে তা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সরকারের নিয়ন্ত্রণে আসবে।

সংসদ সদস্য আরও বলেন, যারা অর্থের বৈধ উৎস দেখাতে পারবেন না, তারা নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর দিয়ে তা বৈধ করার সুযোগ পেতে পারেন। এতে একদিকে যেমন কালো টাকা অর্থনীতিতে ফিরে আসবে, অন্যদিকে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থের প্রবাহ ত্বরান্বিত হবে।

ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বর্তমানে প্রয়োজনের তুলনায় দেশে অনেক বেশি ব্যাংক রয়েছে। এমপি বা নেতা হলেই ব্যাংক বা লিজিং কোম্পানি খোলার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা বন্ধ করতে হবে। জনগণের অর্থ দিয়ে দুর্বল ব্যাংক টিকিয়ে রাখার বর্তমান প্রবণতা থেকে বেরিয়ে এসে ব্যাংকের সংখ্যা কমিয়ে খাতটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এ সময় পাচার হওয়া অর্থ ফেরতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পাচার হওয়া অর্থ ফেরেনি। শুধু অর্থ উদ্ধারের চেষ্টা না করে এমন একটি স্থিতিশীল আইনি ও আর্থিক পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি, যাতে বিনিয়োগকারীরা নিজ দেশেই অর্থ রাখতে নিরাপদ বোধ করেন।

পরিশেষে, বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নে আইনশৃঙ্খলা উন্নতির পাশাপাশি যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানান এই সংসদ সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com