দেশের অর্থনীতিতে গতি ফেরাতে এবং দুর্নীতি প্রতিরোধে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। আজ রবিবার (২৮ জুন) বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ দাবি জানান।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, দেশে বিদ্যমান কালো টাকার দৌরাত্ম্য কমাতে এবং দুর্নীতিবাজদের জমানো অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তারা বিপুল পরিমাণ নগদ অর্থ ঘরে রেখে গেছেন। খোকনের প্রস্তাব অনুযায়ী, ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিল করে তা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সরকারের নিয়ন্ত্রণে আসবে।
সংসদ সদস্য আরও বলেন, যারা অর্থের বৈধ উৎস দেখাতে পারবেন না, তারা নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর দিয়ে তা বৈধ করার সুযোগ পেতে পারেন। এতে একদিকে যেমন কালো টাকা অর্থনীতিতে ফিরে আসবে, অন্যদিকে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থের প্রবাহ ত্বরান্বিত হবে।
এ সময় পাচার হওয়া অর্থ ফেরতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পাচার হওয়া অর্থ ফেরেনি। শুধু অর্থ উদ্ধারের চেষ্টা না করে এমন একটি স্থিতিশীল আইনি ও আর্থিক পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি, যাতে বিনিয়োগকারীরা নিজ দেশেই অর্থ রাখতে নিরাপদ বোধ করেন।