বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল ও অংশীজনদের অংশ না নেওয়ার বিষয়টিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে অস্ট্রেলিয়া। দেশটির ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড এর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।
এতে বলা হয়েছে, ‘একটি উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চলের জন্য আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’