ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইনজীবী ও সাধারণ জনগণ রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা তাকে হেফাজতে নিয়ে কোতয়ালী থানা পুলিশকে খবর দেই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।’
ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।
ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, ‘স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে সদা প্রস্তুত।’
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুজনকে ধরে পুলিশে দেয় জনতা।
সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে আরও কয়েকজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়।