নড়াইলের কালিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়রের বাড়িসহ বেশ কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। সম্প্রতি ওই উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীর বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জানতে চাইলে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা পুলিশ তদন্ত করছে।
এদিকে বেন্দারচর গ্রামে বাড়িঘরে আগুন জ্বলতে থাকার একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে যেভাবে খবর ছড়িয়েছে, তার সবটাই পুরোপুরি সত্য নয়। বিক্ষুব্ধ জনতা কিছু বাড়িতে আগুন দিয়েছে। বাকি বাড়িঘর ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল।
এর আগে সারাদেশে বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ১৮ নভেম্বর সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এতে অতর্কিতে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর পর থেকে কালিয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ওই দুই নেতার মৃত্যুর পরই বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটল।
এদিকে নড়াইলের কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে দাবি করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
শনিবার পুলিশ সুপারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিয়ার বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো সদস্যের ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।