সোমবার, ০৩:৫৮ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গোপালগঞ্জ ছাড়া আর কোথাও আ.লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত
গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। সোমবার (১৬ নভেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করে বাংলাদেশে কেউ আর রাজনীতি করতে পারবে না। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতাকে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে অভিহিত করেন। তার মতে, দলটি তাদের রাজনৈতিক ভিত্তি বা ‘পলিটিকাল কার্ড’ সম্পূর্ণ হারিয়ে ফেলেছে এবং বর্তমানে তাদের কোনো সাংগঠনিক তৎপরতা অবশিষ্ট নেই।

 

বর্তমান সরকারের গত আট মাসের শাসনামলের চিত্র তুলে ধরে ব্যারিস্টার পার্থ বলেন, এই সময়ে দেশে কোনো ব্যাংক লুটপাট বা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। সরকারের এই ইতিবাচক কার্যক্রম থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে এবং কৃত্রিমভাবে উত্তেজনা বা ‘হাইপ’ তৈরি করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতির আশ্রয় নিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সহিংস আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা কোনো সুস্থ রাজনৈতিক পদক্ষেপ নয়।

 

বিগত সরকারের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের অর্থনীতি ও ভবিষ্যতের যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা এখনো জাতিকে পুরোপুরি বোঝানো সম্ভব হয়নি। তারা ব্যাংকিং খাতের ব্যালান্সশিট পর্যন্ত লুট করে নিয়ে গেছে এবং চড়া মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি করে গেছে। সেই ধ্বংসস্তূপের দায়ভার বর্তমান সরকারের না হলেও, দেশ পরিচালনার দায়িত্ববোধ থেকে সরকার তা সামাল দেওয়ার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে তিনি মন্তব্য করেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান এ দেশের যতটা ক্ষতি করেনি, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে। এছাড়া আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন যে, কোনোভাবে ফ্যাসিবাদী শক্তি ফিরে এলে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া মানুষদের ওপর তারা চরম প্রতিশোধ নেবে।

 

একই মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বর্তমান সরকারের মানবাধিকার ও গণতান্ত্রিক অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, সরকার গঠনের পর গত আট মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হওয়ায় সরকার কোনো বেআইনি কাজে জড়ায়নি এবং ভবিষ্যতেও জড়াবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন।

 

গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এই সুযোগে কোনো অনলাইন পোর্টালে কৌশলে বা পরোক্ষভাবে ফ্যাসিবাদী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা উচিত নয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠনের কর্মকাণ্ড প্রচার ও প্রসার আইনত নিষিদ্ধ। দুঃখজনকভাবে অনেক গণমাধ্যম এই বিষয়টি উপেক্ষা করছে উল্লেখ করে তিনি সম্পাদকদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

 

মতবিনিময় সভায় দেশের নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর প্রতিনিধিরা এ খাতের বিদ্যমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।
অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: অনুমোদন ছাড়া অবৈধ নিউজ পোর্টাল পরিচালনা বন্ধ করা, নিবন্ধিত পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন প্রদানের বিষয়ে স্পষ্ট প্রজ্ঞাপন জারি করা, শুধুমাত্র অনলাইন গণমাধ্যমের জন্য নবায়ন ফি বাতিল করা এবং পোর্টালের অফিসের ঠিকানা পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়া সহজতর করা।

 

সম্পাদকদের এসব দাবির পরিপ্রেক্ষিতে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, নিবন্ধন ও ক্রোড়পত্র সংক্রান্ত দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। বিষয়গুলো পর্যালোচনার জন্য মন্ত্রণালয় একটি কমিটি গঠনের পর্যায়ে রয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, বিষয়টি রাতারাতি সমাধান না হলেও সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com