ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন মাহমুদা মিতু। একই সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো বার্তাও রয়েছে।
ডা. মাহমুদা মিতু ফেসবুকে লেখেন,‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে। হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’
আজ শনিবার সংবাদমাধ্যমকে ডা. মাহমুদা মিতু বলেন, ‘আমি নিজের নিরাপত্তা নিয়ে সিরিয়াসলি শঙ্কিত। হুমকির ঘটনায় আমি শিগগিরই সাধারণ ডায়েরি (জিডি) করব।’