আসন্ন বার্থী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে তৃণমূল পর্যায় থেকে নির্বাচনী তৎপরতা ও আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের হাওয়ায় এলাকা চাঙ্গা করতে এবং স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিন্টুর উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গৌরনদী উপজেলার বার্থী পল্লীমঙ্গল ক্লাব মাঠে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও ‘আলফা প্যাথলজিক্যাল ল্যাব’-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুপরিচিত ব্যক্তিত্ব ডা. স্বপন কুমার তপাদার। বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. রুহুল আমিন সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য পেশ করেন বিশেষ অতিথি উত্তম কুমার দে (শিক্ষক), মাস্টার শওকত হোসেন বেপারী, মশিউর রহমান খোকন মাঝি, খলিল সরকার, সোবাহান মোল্লা, হারুন মোল্লা, আব্দুল হক বয়াতি, আঃ করিম হাওলাদার, সোহরাপ হাওলাদার ও শহিদ চাপরাশি।
উন্নয়ন ও যোগ্য নেতৃত্বের ওপর জোর:
সভায় বক্তারা বার্থী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সংস্কার, নাগরিক সেবা বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় তুলে ধরেন। প্রধান অতিথি ডা. স্বপন কুমার তপাদার তাঁর বক্তব্যে বলেন, এলাকার টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। স্থানীয় মানুষের চাহিদা ও মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে এস এম মোশারফ হোসেন একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচন করা জরুরি।
মিজানুর রহমান মিন্টুর নির্বাচনী পরিকল্পনা:
চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিন্টু সভায় উপস্থিত সকলের কাছে শুভেচ্ছা জানান এবং বার্থী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবার সহজীকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য বলে, উপস্থিত জনগণকে সামনে রেখে প্রশ্ন ছুড়ে মারেন আপনারা কেহ বলতে পারবেন? ৫ আগস্টের পরে আমি যত সেবামূলক কাজ করেছি তার বিনিময় এক পয়সাও নিয়েছি? আমি আপনাদের পাশে থাকতে চাই, চেয়ারম্যান হয়ে সেবা করতে চাই বলে জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয়দের মতে, প্রাথমিক এই আলোচনা সভাগুলোর মাধ্যমে প্রার্থী ও এলাকার সাধারণ ভোটারদের মধ্যে সরাসরি যোগাযোগের ভিত্তি তৈরি হচ্ছে। তবে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল, প্রার্থিতা এবং চূড়ান্ত প্রক্রিয়ার বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের নির্দেশনাসহ দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এ জাতীয় আরো খবর..