বরিশালের গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বানিয়াশুরী এলাকায় সড়কবাতি চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ২১টি বাতি ও ১৫টি খুঁটির মাধ্যমে এ সড়কবাতি সংযোগ চালু করা হয়। এতে এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াশুরী গ্রামের উত্তর সীমানা থেকে দীঘির পশ্চিম কোণ হয়ে গৌরনদী হ্যাচারি পর্যন্ত সড়কে এসব বাতি স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন পর এলাকায় সড়কবাতি চালু হওয়ায় রাতের চলাচলে সুবিধা বাড়বে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধন উপলক্ষে বানিয়াশুরী মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামালউদ্দিন দোয়া পরিচালনা করেন। এ সময় এলাকার বাসিন্দাদের পাশাপাশি পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কবাতি চালু হওয়ায় রাতে চলাচল আরও নিরাপদ হবে। পাশাপাশি অন্ধকারের কারণে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের আশঙ্কা কমবে বলেও তাঁরা আশা করছেন।
এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম, পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য অন্ধকারাচ্ছন্ন সড়কেও সড়কবাতি স্থাপন করা হলে নাগরিকদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
এ জাতীয় আরো খবর..