বরিশালের গৌরনদীতে পুলিন তালুকদার (৫০) নামে এক চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকুড়ি-বাকাই এলাকায় বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিন তালুকদার ওই এলাকার মৃত উপেন্দ্রনাথ তালুকদারের ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় আট বছর মরিশাসে ছিলেন পুলিন তালুকদার। প্রায় এক বছর আগে দেশে ফিরে বাড়ির কাছেই একটি ছোট চায়ের দোকান দেন। সেখানে ব্যবসা করে নতুন করে জীবন গড়ার চেষ্টা করছিলেন তিনি।
স্বজনদের দাবি, প্রবাসে থাকাকালে বিভিন্ন এনজিও ও স্থানীয় ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন পুলিন। দেশে ফেরার পরও সেই ঋণের বোঝা তার ওপর ছিল। গত কয়েকদিন ধরে ঋণের কিস্তি ও পাওনা টাকা পরিশোধের জন্য স্থানীয় পাওনাদার ও এনজিওকর্মীদের পক্ষ থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে পরিবারের সদস্যরা জানান।
এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের একটি বাগানে পুলিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঋণের চাপের বিষয়টি স্বজনরা উল্লেখ করলেও পুলিন তালুকদারের মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ জাতীয় আরো খবর..