‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি, গুণী শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মেহেদী হাসান বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ গড়ার প্রধান কারিগর। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। পরিবর্তিত সময়ের সঙ্গে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত অধিকার নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যেও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ আরও জোরদার করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন, গৌরনদী উপজেলা কালবের সহ-সভাপতি ও পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. ইলিয়াস হোসেন, গৌরনদী সহকারী শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা গিয়াসউদ্দীন, আল হেলাল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস হোসেন, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর আলম, টরকী গার্লস স্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু মাঝি, কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান ও বিল্লগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশ এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রোকনুজ্জামান পনির এবং পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রাজারাম সাহা।
র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষকতার মর্যাদা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের দায়িত্বের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
এ জাতীয় আরো খবর..