শনিবার, ০৯:২৮ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে আড়িয়াল খাঁর ভাঙন পরিদর্শনে জহির উদ্দিন স্বপন

মো. মোস্তফা হাওলাদার
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করে নদীভাঙন রোধের উদ্যোগ নেওয়ার কথা জানান।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর, কুড়িরচর, হোসনাবাদ, বোরাদী গরঙ্গলসহ আড়িয়াল খাঁ নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকা এবং নদী থেকে প্রবহমান মোল্লার খাল ও পালরদী খালের বিল্লগ্রাম এলাকা পরিদর্শন করেন।
সকাল ১০টার দিকে সরিকল ইউনিয়নের লঞ্চঘাটা এলাকা থেকে স্পিডবোটযোগে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বের হন জহির উদ্দিন স্বপন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. মশিউর রহমান, বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সভাপতি মো. জাকির হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ভাঙনকবলিত বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এ সময় নদী ও খালের তীরে জড়ো হওয়া স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদী ও সংলগ্ন খালগুলোর ভাঙনে বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে শত শত পরিবার গৃহহীন ও সহায়-সম্বলহীন হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলে যেতে বাধ্য হয়েছে। তাঁদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
পরিদর্শনকালে জহির উদ্দিন স্বপন জানান, ভাঙন রোধে প্রথম ধাপে প্রায় তিন কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাঁর উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মিয়ারচর এলাকায় এক জনসভায় জহির উদ্দিন স্বপন বলেন, আড়িয়াল খাঁ নদীর ভাঙন মোকাবিলা করে মিয়ারচরকে একটি স্থায়ী ভূখণ্ড হিসেবে গড়ে তুলতে হবে। মিয়ারচর এলাকা থেকে মুলাদী সীমান্ত পর্যন্ত যাতায়াতের জন্য ফেরি সার্ভিস চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ঢাকা থেকে সরাসরি বাস মিয়ারচর হয়ে মুলাদীতে চলাচলের সুযোগ তৈরি করা গেলে এ অঞ্চলের মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। এর ফলে মিয়ারচর একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে।
একই দিন দুপুরে জহির উদ্দিন স্বপন মিয়ারচর ও বিল্লগ্রামে পৃথক দুটি জনসভায় বক্তব্য দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন।
এ ছাড়া তিনি মিয়ারচর সরিকল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com