বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের কাছে চার মাদক বিক্রেতা আত্মসমর্পণ করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের উদ্যোগে বাকাই হাটের (ঘোষের হাট) খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীরা হলেন খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব বাকাই গ্রামের মিলন সরদার ও তাঁর স্ত্রী পুতুল বেগম, একই গ্রামের আসলাম সরদার এবং পূর্ব সমরসিংহ গ্রামের ফরিদ বেপারী। অনুষ্ঠানে জানানো হয়, তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের কাছে চারজন আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা ভবিষ্যতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকার এবং স্বাভাবিক ও সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করেন।
খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের সভাপতি একেএম মাইনুদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল এবং উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলু সরদার, বিএনপি নেতা লুৎফর রহমান, আবু কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জনি, আত্মসমর্পণকারী মিলন সরদার, ফরিদ বেপারী ও আসলাম সরদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির সরদার এবং ইউপি সদস্য মোহাম্মদ আরী।
আত্মসমর্পণকারীরা তাঁদের বক্তব্যে দাবি করেন, তাঁরা একাধিকবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেছেন। তবে পুলিশের হয়রানির কারণে তা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এবার তাঁরা স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেয়েছেন বলে দাবি করেন তাঁরা। এ জন্য উপজেলা প্রশাসন ও মাদক নির্মূল পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান আত্মসমর্পণকারীরা।
বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি আত্মসমর্পণকারীরা যাতে পুনরায় মাদক ব্যবসায় না জড়ান এবং স্বাভাবিক জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, সে জন্য তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ জাতীয় আরো খবর..