বরিশালের আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামে এক অনলাইন পত্রিকার সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার উপজেলা গৈলা ইউনিয়নের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা। তিনি ‘বরিশাল দক্ষিণের সমাচার’ নামের একটি অনলাইন পোর্টালের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার এসআই মাসুদ ও এসআই সেলিম রেজার নেতৃত্বে উপজেলার নতুন হাট এলাকায় এক মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে রফিকুল ইসলামকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।