বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আপন দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মুলাদী উপজেলার ৮ নম্বর শফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের অফিসার ইনচার্জ মোহাম্মদ এহতেশামুল হকের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই মো. হানিফ মোল্লা ও এসআই মো. রফিকুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল এবং সঙ্গীয় পুলিশ ও ফোর্স গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে।
এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ জাতীয় আরো খবর..