বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে বসতঘরে ঢুকে দুই সন্তানের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। পরে অপর এক যুবক ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করলে তিনি ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে আহত করেন বলে জানা গেছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আহত অপর যুবক পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে খায়রুল আকন (২২) নামের এক যুবককে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের আক্কাস আকনের ছেলে। অপর অভিযুক্ত ইসলাম বালী (২৪) একই গ্রামের সুলতান বালীর ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আল মামুনের ভাষ্য, বৃহস্পতিবার রাতে খায়রুল আকন ও ইসলাম বালী কৌশলে ওই গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে খায়রুল আকন জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পরে ইসলাম বালীও ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ কৌশলে ধারালো দা দিয়ে ইসলাম বালীকে কুপিয়ে আহত করেন। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওসি (তদন্ত) আল মামুন জানান, অভিযোগ পাওয়ার পর সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে খায়রুল আকনকে আটক করেন। অপর অভিযুক্ত ইসলাম বালীকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..