বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামে শহিদ টিপু হাওলাদারের মা এবং প্রয়াত বিএনপি নেতা আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কবর জিয়ারত শেষে জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ১৫৫ জন গুমের শিকার হয়েছেন। তাঁদের কেউ জীবিত আছেন কি না বা মৃত্যুবরণ করেছেন কি না, তা এখনো জানা যায়নি। এ ছাড়া ওই সময়ে হাজার হাজার নেতাকর্মী নিহত এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, মাতৃতুল্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে তিলে তিলে হত্যা করা হয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, শহিদ টিপু হাওলাদারের মা মৃত্যুর আগে দেখে যেতে পেরেছেন যে, অপরাধী যত ক্ষমতাশালীই হোক, তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে। কোনো অপরাধই আইনের কাছে তামাদি হয় না।
কবর জিয়ারতকালে তিনি প্রয়াতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..