বরিশালের গৌরনদীতে যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন ও টেকসই ব্যবসা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্পের উপকারভোগী নারী-পুরুষ, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার এবং গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। সভা সঞ্চালনা করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদ।
এ সময় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার রুপেশ বিশ্বাস, অ্যাসোসিয়েট অফিসার মো. সুজন মিয়াসহ স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট, মেন্টর এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার রুপেশ বিশ্বাস স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কার্যক্রম, অর্জন ও সমাপনী লক্ষ্য তুলে ধরেন।
তিনি জানান, প্রকল্পটির আওতায় গৌরনদীতে মোট ছয়টি ব্যাচে ১৫০ জন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ১২১ জনই নারী উদ্যোক্তা। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসা পরিচালনা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের অভিজ্ঞতা, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে তাদের ব্যবসা আরও সম্প্রসারণে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়েও আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের আর্থিক সেবার আওতায় আনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোই প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য ছিল।
এ জাতীয় আরো খবর..