নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
০৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে উপজেলা প্রশাসন ও গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে।”
সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ)।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার আল মামুন ছিদ্দিকী, পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
সেমিনারে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস এবং বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়া, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং সরকারি নির্দেশনা অনুসরণের বিকল্প নেই। পাশাপাশি দালালচক্রের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তারা।
সেমিনারে টিটিসির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরিতে গৌরনদী টিটিসির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ জাতীয় আরো খবর..