বুধবার, ০৩:২৪ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

দুই দিনেও পানি নামেনি ঢাকার কিছু এলাকায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

কখনও ভারী বর্ষণ, কখনও ঝিরিঝিরি বৃষ্টি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই কেটেছে গতকাল সোমবার। আগের দিন রবিবারের বৃষ্টির পানির সঙ্গে যুক্ত হয়েছে পরের দিনের বৃষ্টি। ফলে গতকাল পর্যন্ত রাজধানীর অনেক জায়গা থেকে বৃষ্টির পানি নামেনি। নতুন করে কিছু এলাকা জলমগ্ন হয়েছে। অনেক সরকারি অফিসেও পানি জমে থাকতে দেখা যায়। গতকাল বিকালে হাইকোর্টের বিপরীতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রধান অফিস নিচ তলা এবং পুরো অফিস চত্বরে প্রায় হাঁটু পানি দেখা গেছে। অনেক ডেস্কের গুরুত্বপূর্ণ ফাইল পানিতে ভিজে গেছে। অনেকে কাজে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের নিচে গতকাল বিকাল পর্যন্ত পানি জমে থাকতে দেখা গেছে।

নিউমার্কেট এলাকায় রবিবারের সৃষ্ট জলাবদ্ধতা গতকাল দুপুর পর্যন্ত ছিল। আগের দিন অতি ভারী বৃষ্টিতে নীলক্ষেত মোড়ের কিছুটা সামনে থেকে কুয়েত মৈত্রী হলের গেট পর্যন্ত সড়ক তলিয়ে যায়। ওই দিন রাত ১০টার পর থেকে পানি নামতে শুরু করে। দ্রুত পানি অপসারণ করার জন্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে রয়েছেন। কোথাও কোথাও পাম্পের মাধ্যমে পানি অপসারণ করা হচ্ছে, কোথাও আবার ড্রেনের মুখ পরিষ্কার করে দ্রুত নেমে যেতে সহায়তা করতে দেখা গেছে।

আজিমপুরের বাসিন্দা জহিরুল ইসলাম আমাদের সময়কে বলেন, আগে ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে সড়কের পানি নেমে যেত। এবার ২৪ ঘণ্টা পার হলেও পানি জমে আছে।

সড়কে জমে থাকা পানি ঠেলে প্রাইভেটকার, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা এবং প্যাডেলচালিত রিকশা চলাচল করছে। পানির কারণে যানবাহনগুলো ধীরে চলছে।

মহাখালী এলাকায় পানি নেমে গেছে, তবে রাস্তায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। পানি নেমে যাওয়ার পর রাস্তার ক্ষত বের হয়ে যাচ্ছে। যেসব রাস্তা সংস্কার করা হয়েছিল সেগুলোর অনেক জায়গায় বিশাল ক্ষতের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্পের নামার অংশেও জলাবদ্ধতার কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অন্যদিকে ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে চলাচলকারী যানবাহনের গতি কমে গেছে। যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমে থাকা এবং ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলমান থাকায় ওই এলাকাতেও যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।

ঘুরে ঘুরে দেখা গেছে, দ্বিতীয় দিন গতকাল পানি জমে ছিল বংশাল, তাঁতী বাজার, গ্রিন রোড, পান্থপথ, তেজতুরী বাজার, মণিপুর, ধানমন্ডি ৩২ ও ২৭ নম্বর, মিরপুর, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কালশী, উত্তরা, যাত্রাবাড়ী, ধোলাইখালসহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অধিকাংশ এলাকায় হাঁটু সমান পানি থাকায় মানুষের চলাফেরায় ভোগান্তি সৃষ্টি হয়েছে। এ ছাড়া যানচলাচল ধীর হয়ে পড়েছে। বনানী কবরস্থানের ঢাকা গেট সংলগ্ন মূল সড়কের উভয় দিকেই কিছুটা জলাবদ্ধতা ছিল। যার কারণে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।

মিরপুরের কাজীপাড়ার বাসিন্দা হানিফ মোহাম্মদ আমাদের সময়কে জানান, আমাদের এলাকার অনেক জায়গায় হাঁটু পর্যন্ত পানি। পানির উচ্চতা বেশি হওয়ায় তারা বাসায় অনেকটা বন্দি হয়ে পড়েছেন। গতকাল থেকে এই অবস্থা বিদ্যমান। কিন্তু জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের লোকজনের দেখা মিললেও আদতে দুদিনেও জলাবদ্ধতা নিরসন সম্ভব হয়নি।

এদিকে শহরজুড়ে জলাবদ্ধতার কারণে সড়কে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভাড়াও বেড়েছে দ্বিগুণ। মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে বহুগুণ। অনেক জায়গায় চলন্ত বড় যানবাহনের কারণে সৃষ্ট ঢেউয়ে পথচারীরা ভিজে যাচ্ছেন।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেন, রবিবার থেকেই আমাদের কর্মীরা জলাবদ্ধতা নিরসনে মাঠে আছে। টানা বৃষ্টির কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা কল পেয়েছি, আমাদের টিম সেখানে যাচ্ছে এবং সেখানকার সমস্যা সমাধানের কাজ করছে।

উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, আকস্মিক অতিভারী বৃষ্টির পাশাপাশি খাল ও ড্রেন সংকুচিত হওয়া, অপরিকল্পিত বর্জ্য ফেলা এবং পুরনো ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির কর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু : অন্যদিকে, বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীর শনির আখড়া এলাকায় রেজাউল করিম নামে বাংলাদেশ ব্যাংকের এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে শনির আখড়ার ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

রেজাউল করিমের ভায়রা একেএম আব্দুল্লাহি বাকি জানান, দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে অবসর নেন রেজাউল করিম। তিনি দুই সন্তানের বাবা এবং শনির আখড়ায় নিজের তিনতলা বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিন দিনের টানা বৃষ্টিতে বাড়ির নিচতলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর রেজাউল করিম জমে থাকা পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের আশপাশে কেউ না থাকায় কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রবিবার রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, ময়নাতদন্তের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com