সোমবার, ০৫:০৯ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আজও ব্যাংক খোলা, যেসব এলাকায় রাত ১০টা পর্যন্ত চলবে লেনদেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১২ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হলেও তৈরি পোশাক শিল্প ও কোরবানির পশুর হাটকেন্দ্রিক লেনদেন সচল রাখতে মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে খোলা থাকছে দেশের কিছু ব্যাংক শাখা।

বিশেষ করে রাজধানীসহ কয়েকটি সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা ও অস্থায়ী বুথে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক খাতের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংক খোলা থাকবে।ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এই দিন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।অন্যদিকে, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) জানিয়েছে, কোরবানির পশুর হাটের সংলগ্ন বা নিকটবর্তী ব্যাংক শাখা বা উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথ ব্যবহার করে কোরবানির পশুর ক্রেতা ও ব্যবসায়ীরা যেন তাদের পশু ক্রয়-বিক্রয়ের অর্থ সহজে লেনদেন করতে পারেন তা নিশ্চিত করতে ব্যাংকিং সহায়তা প্রদান জরুরি।

এ জন্য ২৪ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন এবং রংপুর সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটবর্তী ব্যাংক শাখা বা উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে বিশেষ ব্যবস্থাপনায় খোলা রেখে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে।

কোরবানির পশুর হাটের তালিকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন- বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নম্বর-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপাটিজ খালি জায়গা, ২৩ নং ওয়ার্ডস্থিত পূর্ব হাজীপাড়া, ইশরা মাদ্রাসার পাশে খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নং সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা, গাবতলী পশুর হাট, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা ও বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন- কাজলা ব্রিজ হতে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত, মোস্তামামি মোড় সংলগ্ন গ্রিন বনশ্রী হাউজিং, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ পূর্ব পাশ এলাকা, রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড় এলাকা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশ এলাকা, শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের এলাকা, গোলাপবাগস্থ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা, আমুলিয়া মডেল টাউন, সারুলিয়া ও সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা অস্থায়ী কোরবানির পশুর হাট।

চট্টগ্রাম সিটি করপোরেশন- বিবির হাট ও সাগরিকা।

রংপুর সিটি করপোরেশন- লালবাগ সদর হাট।

খুলনা সিটি করপোরেশন- জোড়া হাট।

রাজশাহী সিটি করপোরেশন- সিটি হাট।

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখা বা বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে।

এছাড়া ২৬ মে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) কার্যক্রম নতুন সময়সূচিতে পরিচালিত হবে। তবে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময় সূচি অনুযায়ী চলবে।

তাছাড়া তাৎক্ষণিক অর্থ পরিশোধ নিষ্পত্তির করতে বাংলাদেশ রিয়েল টাইম সেটেলমেন্টের (আরটিজিএস) গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত। আর গ্রাহকরা আরটিজিএসের মাধ্যমে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এদিন বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর সাড়ে ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগের নির্দেশনা বহাল থাকবে। আর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই ছুটির দিনগুলোতে ব্যাংকের যেসব কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতাদি পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com