সামান্য একটি ভিডিও বানানোর চেষ্টা, আর তাতেই মুহূর্তে শেষ হয়ে গেল একটি পরিবারের সবকিছু। লক্ষ্মীপুরের রায়পুরে চুলার আগুন দিয়ে টিকটক ভিডিও করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বসতঘর।
রায়পুর পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন পিলার কারখানার পাশের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পুড়ে যাওয়া ওই ঘরে মা, মেয়ে একটি পরিবার ভাড়া থাকতেন। তরুণী রানি আক্তার ফারিয়া নিয়মিত মোবাইলে টিকটক ভিডিও তৈরি করতেন। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাসার বাইরে ছিলেন।
এ সময় রান্নাঘরের চুলার আগুন ব্যবহার করে ভিডিও ধারণ করতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।
বাড়ির মালিকের স্ত্রী রুবিনা বেগম বলেন, প্রায় দুই বছর আগে ঘরটি ভাড়া দেওয়া হয়। ফারিয়া প্রায় প্রতিদিনই টিকটক ভিডিও করত। তাকে একাধিকবার নিষেধ করা হলেও সে শোনেনি। আগুন নিয়ে ভিডিও করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এতে তার প্রায় তিন লাখ টাকা এবং ভাড়াটিয়াদের ছয় থেকে সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফারিয়ার ভাই মিরাজ বলেন, ঘটনার সময় তিনি ও তার মা বাসায় ছিলেন না। তার বোন টিকটক করত, সেটি সত্য। এদিন ভিডিও করতে গিয়েই আগুন লাগে। তার বিদেশ যাওয়ার জন্য জমানো নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর থেকে ফারিয়াদের পরিবারের কাউকেই আর এলাকায় দেখা যায়নি। তারা কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।