দেশের বিভিন্ন জেলায় আবার অগ্নিসংযোগ, বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দুর্বৃত্তরা পার্কিং করে রাখা একাধিক বাস, রাজনৈতিক কার্যালয়, ব্যাংক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়েছে। কোথাও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছে, আবার কোথাও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে হাতবোমা ও ককটেল। এসব ঘটনায় কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এছাড়া লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা জ¦ালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। নাশকতার আশঙ্কায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার বেলা ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চলে। নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। অভিযানের সময় নিষিদ্ধ যুবলীগের এক কর্মীর বাসার সামনে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সাভার : সাভার ও আশুলিয়ায় একদিনে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে আশুলিয়ায় দুটি বাসে আগুন দেওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেছেন একটি বাসের চালক। গতকাল ভোরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এবং আশুলিয়ার সরকার মার্কেট ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় এসব ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
বাগেরহাট : মোল্লাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল সন্ধ্যায় মধুমতী নদীর ওপর অবস্থিত আবুল খায়ের সেতু ও ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার প্রাথমিক খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মোল্লাহাটে প্রবেশ করতে না পারেন, সে জন্য তাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
মাদারীপুর : কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল : আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদ-সংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ মাসুদ খান, এসআই মাসুদ ও ডিবি পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি মোটরসাইকেলে ১২ জন এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিরাপত্তারক্ষীকে হুমকি দেয়। পরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঠবাড়িয়া (পিরোজপুর) : কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলা পরিষদ-সংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করা আরাফাত পরিবহনের একটি বাসের পেছনের আসনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে যায়। গতকাল ভোর ৫টার দিকে ধানিসাফা ইউনিয়ন বাজারে গ্রামীণ ব্যাংকের শাখার প্রধান ফটকের সামনে ও দেয়ালের ওপর দিয়ে ভেতরে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়দের সহায়তা, ফায়ার সার্ভিস ও নৈশপ্রহরীর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
নাটোর : শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মুখোশ পরা এক যুবককে স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রল ঢেলে আগুন ধরাতে দেখা যায়। সদর থানার ওসি মো. মনসুর রহমান জানান, দুই যুবক এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
নওগাঁ : রাণীনগরের হাতিরপুল এলাকায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫-এর নাটোর ক্যাম্পের সদস্যরা। গতকাল সকাল সাড়ে ১০টায় এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে অভিযান চালিয়ে লাল টেপে মোড়ানো ককটেলগুলো উদ্ধার করা হয়। রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোলা : লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে শুক্রবার রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে। এতে কার্যালয়ের সামনের একটি পান দোকান পুড়ে যায়। ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পটিয়া (চট্টগ্রাম) : কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা স্কুল-সংলগ্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে পেট্রল বোমা নিক্ষেপে ব্যাংকটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। ওসি জিয়াউল হক জিয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। এতে কাউকে কিছু একটা ছুড়ে মারতে দেখা যাচ্ছে।
সরিষাবাড়ী (জামালপুর) : আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট বাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল স্থানীয়রা বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ একটি বালতিভর্তি পানিতে এবং অপরটি পাশের জলাশয়ে ফেলে নিষ্ক্রিয় করে।
মাওয়া রুটে ঢাকা-খুলনা বাস চলাচল বন্ধ : আবারও পদ্মা সেতু হয়ে মাওয়া রুটে ঢাকা-খুলনা বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রী ও জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে গতকাল বিকাল ৫টা থেকে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন জানান, দুপুরে খুলনা থেকে ঢাকাগামী তাদের একটি বাস পথে আটকে পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলবে। ফলে যাত্রীদের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হবে।
লক্ষ্মীপুরে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি : রামগঞ্জ থানার ওসি ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। একই দিনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাও ফেসবুক লাইভে এসে ওসিকে হুমকি দিয়েছেন। গত শুক্রবারের এসব ঘটনায় ওসি থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্তরা হলেন করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আফরান খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটক বা হয়রানি করলে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিতে শোনা যায় আরফান খানকে। অন্যদিকে ফেসবুক লাইভে আবু জাফরও নেতাকর্মীদের হয়রানি করা হলে ছাড় দেওয়া হবে না বলে হুমকি দেন। তিনি আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হবে বলেও মন্তব্য করেন।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হুমকিদাতা দুজনই দেশের বাইরে রয়েছেন। ছাত্রলীগের ওই নেতা সৌদি আরবে এবং অন্যজন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানায় জিডি করা হয়েছে।