বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর আবেগঘন বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ থেকে অবসরে যাবেন এই অভিজ্ঞ ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের সবচেয়ে প্রিয় সংস্করণকে বিদায় জানানোর কথা জানিয়েছেন তিনি।
নিজের হৃদয়ছোঁয়া বার্তায় দুই দশকের বেশি সময়ের ক্রিকেটজীবনের স্মৃতিচারণ করেছেন মুশফিক। শৈশবের স্বপ্ন পূরণের এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য পরিবারের সদস্য, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ফেসবুকে এক বার্তায় মুশফিক লিখেন, আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে।
আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।
আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে ।
জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি আসুন আমরা ভালো মানুষ হই।বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং অন্যদের অনুপ্রাণিত করি।
আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।
আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
এর আগে শনিবার তামিম জানান, কয়েক দিন আগেই মুশফিক তাকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। পাশাপাশি নিজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেওয়ার জন্য বিসিবি সভাপতিকে অনুরোধ করেছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে মুশফিকের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তার।
৩৯ বছর বয়সী মুশফিক বাংলাদেশের হয়ে রেকর্ড ১০৮টি টেস্ট খেলেছেন। ৩৮.৮০ গড়ে করেছেন ৭ হাজার ৬২ রান, যেখানে রয়েছে ১৪টি শতক। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান ও সর্বাধিক শতকের মালিকও তিনি।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিক ২০২২ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেন। এরপর থেকে শুধু টেস্ট ক্রিকেটেই খেলছিলেন তিনি।
মুশফিকের অবদান স্মরণীয় করে রাখতে বড় পরিসরে বিদায় সংবর্ধনার পরিকল্পনা করছে বিসিবি। তার ব্যবহৃত ১৫ নম্বর জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন করেছে বোর্ড। এ ছাড়া শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কোনো একটি গ্যালারির নাম এই অভিজ্ঞ ব্যাটারের নামে রাখার বিষয়েও আলোচনা হয়েছে।