ভারতের গুজরাট থেকে গৌরনদীতে এসে বিয়ে করলেন ২০ বছর বয়সী তরুণ সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা। প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামে পরিচয়, তারপর প্রেমের সম্পর্ক। গত ২২ নভেম্বর ছয় মাসের ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান। পরদিন ২৩ নভেম্বর বরিশালে এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তারের (১৭) সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মাহি বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।
তবে মেয়ের বয়স ১৭ হওয়ায় এই বিয়ের বৈধতা নিয়ে আইনগত প্রশ্ন উঠেছে। গৌরনদী মডেল থানার ওসি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ বাড়িতে গেছে, ভারতীয় নাগরিকের পাসপোর্টসহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। ইউএনও বলেছেন, তথ্য-উপাত্ত যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।