শনিবার, ০৫:১৮ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। শ্রমিকদের কর্মবিরতির মুখে আজ শনিবার অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়। তবে পাশের শিল্পাঞ্চল গাজীপুরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। সেখানে প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।

শিল্প পুলিশ, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। বেশির ভাগ কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছিল। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানাসহ কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে শ্রমিকদের কর্মবিরতির মুখে এসব কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ শুরুর সময় সকাল ৮টার পরিবর্তে সাতটা নির্ধারণের প্রতিবাদে তারা কর্মবিরতি পালন করেন। সকালে কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি তারা। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে আগামীকাল থেকে সকাল আটটায় কারখানার কার্যক্রম শুরুর কথা শ্রমিকদের জানানো হয়।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা সকাল সাতটায় চালু হয়। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজে অংশ না নিয়ে বসে থাকেন। পরে কর্মবিরতির মুখে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এদিকে শনিবার বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা একটি কারখানার সামনে অবস্থান নেন একদল শ্রমিক। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, কাঠগড়া এলাকায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সচল কারখানাগুলোর সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, শনিবার শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়। এ ছাড়া শ্রমিকদের কর্মবিরতির মুখে আরও অন্তত ৫০টি কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে গাজীপুর শিল্পাঞ্চলে শনিবার পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক। মহানগর ও জেলার কোথাও নতুন করে শ্রমিক আন্দোলন কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, শ্রমিকেরা আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে এমন প্রত্যাশা নিয়ে কাজে ফিরছেন। তাদের ধারণা, মজুরি বোর্ড বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। তবে মালিকপক্ষ এখনও বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনো প্রস্তাব দেয়নি।

গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসেন বলেন, শনিবার সকাল পর্যন্ত মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com