তরুণদের বেকারত্ব কমাতে চাকরির নিশ্চয়তা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী নভেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে এ কর্মসূচি চালু করা হবে। এর আওতায় ৯০ হাজারের বেশি তরুণ উপকৃত হবেন বলে জানিয়েছে দেশটির কর্ম ও পেনশন বিভাগ।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সী ৯ লাখ ৮১ হাজার তরুণ কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে ছিলেন। দেশটির এই বয়সী জনগোষ্ঠীর ১৩ শতাংশ তারা।
নতুন কর্মসূচির আওতায় ইউনিভার্সাল ক্রেডিট নামে সরকারি ভাতা পাওয়ার যোগ্য ১৮ থেকে ২৪ বছর বয়সীরা ছয় মাসের জন্য বেতনসহ কাজের সুযোগ পাবেন। সপ্তাহে ২৫ ঘণ্টা কাজের ব্যবস্থা থাকবে, যার খরচ বহন করবে সরকার। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সব এলাকায় এই সুযোগ পাওয়া যাবে।
যুক্তরাজ্যের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বলেন, কেউ যত বেশি সময় কাজের বাইরে থাকেন, তাঁর কাজে ফেরার পথ তত কঠিন হয়ে পড়ে। কোনো তরুণেরই কাজের সুযোগের অপেক্ষায় পড়ে থাকা উচিত নয়।
সূত্র: রয়টার্স