বরিশালের গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আশোকাঠী ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মো. মহিউদ্দিন তালুকদার (২৮)। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে, তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি স্থানীয় একটি জঙ্গলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবার, স্বজন ও কর্মস্থলের মালিকপক্ষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের ৪ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উপজেলা পরিষদ সংলগ্ন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন মহিউদ্দিন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কর্মস্থলে ফিরে না আসায় সহকর্মীরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, মহিউদ্দিনের খোঁজে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে আশোকাঠী এলাকার জমিদার মোহন লাল সাহার বাড়িসংলগ্ন একটি জঙ্গলের পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে মহিউদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ মহিউদ্দিন উপজেলার গোবর্ধন গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন কবির তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশোকাঠী ফিলিং স্টেশনের সুপারভাইজার হিসেবে কর্মরত। স্থানীয়দের কাছে তিনি হাস্যোজ্জ্বল, নম্র ও ভদ্র স্বভাবের যুবক হিসেবে পরিচিত।
আশোকাঠী ফিলিং স্টেশনের মালিক আলহাজ মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, মহিউদ্দিন অত্যন্ত নম্র, ভদ্র ও দায়িত্বশীল একজন কর্মচারী। দীর্ঘদিন ধরে তিনি বিশ্বস্ততার সঙ্গে প্রতিষ্ঠানে কাজ করছেন। এর আগেও তাঁর কাছে ফিলিং স্টেশনের বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত ছিল। তাই সামান্য কিছু টাকা নিয়ে তাঁর পালিয়ে যাওয়ার বিষয়টি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। তাঁর এমন রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। তাঁকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে, প্রিয়জনের কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন মহিউদ্দিনের পরিবারের সদস্যরা। তাঁর সহকর্মী ও স্বজনদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ব্যাংকে টাকা জমা দিতে বের হওয়ার পর কীভাবে তিনি নিখোঁজ হলেন এবং তাঁর মোটরসাইকেলটি কীভাবে জঙ্গলের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ মহিউদ্দিন তালুকদারকে উদ্ধারে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।