গিনির রাজধানী কোনাক্রিতে একটি বড় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আবর্জনার বিশাল স্তূপ ধসে পাশের কয়েকটি বাড়ির ওপর পড়েছে। এতে অন্তত ৩০ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।
সোমবার স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে দার-এস-সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতভর ভারী বৃষ্টির পর আবর্জনার পাহাড়সম স্তূপটি ধসে পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারীদের খননযন্ত্র দিয়ে ছড়িয়ে পড়া আবর্জনার স্তূপে জীবিতদের সন্ধান করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলের আশপাশে জড়ো হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমকে এক নারী জানিয়েছেন, দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উদ্ধার তৎপরতা তদারক করেন।
এর আগে স্থানীয় এলাকার নেতা লানসিনে সিলা এএফপিকে জানিয়েছিলেন, ধসের ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছিল।
এই বর্জ্যকেন্দ্রে এর আগেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। ২০১৭ সালে একই স্থানে আরেকটি আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।