মঙ্গলবার, ০১:১৬ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

সুনেরাহ বিনতে কামাল ঢালিউডের নায়িকা। ‘ন ডরাই’ দিয়ে অভিষেক রুপালি পর্দায়। প্রথম সিনেমা দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘দাগি’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ‘উৎসব’ সিনেমায়ও তার অভিনয় হয়েছে প্রশংসিত। এবার এই নায়িকা প্রশংসা কুড়াচ্ছেন একটি নাটকে অভিনয়ের জন্য। রাফাত মজুমদার রিংকু নির্মিত নাটকের নাম ‘ঝরা বকুল’। পারিবারিক সম্পর্ক, দায়িত্ব ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকে নজর কেড়েছে সুনেরাহ বিনতে কামালের অভিনীত মনিরা চরিত্র। গল্পে মনিরা একটি দরিদ্র পরিবারের বড় মেয়ে, যিনি ছোট ভাইবোন ও সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। পরিবারের চাপ ও দায়িত্বের কারণে নিজের বিয়েও পিছিয়ে যায় তার। এমনকি মাও তাকে বিয়ে দিতে অনাগ্রহী, কারণ মনিরা চলে গেলে সংসারের ভার কে নেবে- এই শঙ্কা কাজ করে। অন্যদিকে কবির চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান মনিরাকে ভালোবাসে। এই দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপড়েন নিয়েই এগিয়ে যায় গল্প। নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই দর্শক প্রতিক্রিয়া মিশ্র। কমেন্টবক্সে এক দর্শক লিখেছেন, ‘জানি না মানুষ সুনেরাহকে নিয়ে এত খারাপ মন্তব্য কেন করে। ওর কণ্ঠ, ওর চেহারা সবই অন্যরকম। আর কেন জানি সব ধরনের চরিত্রে মানিয়ে যায়।’ অন্যদিকে অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন। বড়লোকের মেয়ে থেকে গরিব পরিবারের মেয়ে, সব ধরনের চরিত্রেই সুনেরাহর মানিয়ে নেওয়ার ক্ষমতা দর্শকের দৃষ্টি কেড়েছে।

তবে নাটকে কাজ করা নিয়ে তাকে বিভিন্ন সময় কথাও শুনতে হয়েছে। তিনি বলেন, ‘নাটকে অভিনয় নিয়ে সব সময়ই শুনতে হয়, আমাকে নাটকে নয়, বড় পর্দাতেই দেখতে চান সবাই। আমার কাছে মনে হয়, নাটকে অভিনয়, অভিব্যক্তির প্রকাশ হয়তো একটু অন্যরকম হয়। এখান থেকেও শিখব। গল্প, চরিত্র দিয়ে তৃপ্তির জায়গা পেলে একশ্রেণির দর্শকের জন্যই অভিনয় করতে চাই।’ সুনেরাহ আরও বলেন, ‘আমি সব সময় ইতিবাচকভাবে সবকিছু দেখার চেষ্টা করি। সবার পাশে থাকার চেষ্টা করি।’ এখনই সংসারী হওয়ার কোনো ভাবনা তার মনে নেই বললেই চলে। ভক্তদের উদ্দেশে তিনি জানিয়েছেন, সময় হলেই সবাই সব জানতে পারবেন। আপাতত কাজ দিয়েই দর্শককে হৃদয়ে টিকে থাকতে চান এই গ্ল্যামার কন্যা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com