ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি অংশে মঙ্গলবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক ভূমিকম্পে পালু শহরে এক মিনিটেরও বেশি সময় ধরে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। প্রায় ৪ লাখ জনসংখ্যার এই শহরটি সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের রাজধানী। মার্কিন বার্তাসংস্থা এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ভূমিকম্পের পর কিছু এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নিরাপত্তার কারণে হাসপাতালগুলো থেকে রোগীদের বাইরে খোলা জায়গায় সরিয়ে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পালু শহরের ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ভূমিকম্পের পরবর্তী আফটারশকগুলোর মধ্যে ৫ দশমিক ২, ৫ এবং ৪ দশমিক ৯ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটি ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকিতে থাকে।
এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপের মামুজু শহরের কাছে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০০ জনের মৃত্যু হয় এবং হাজারো মানুষ পরবর্তী কম্পনের আতঙ্কে কয়েক দিন খোলা আকাশের নিচে কাটাতে বাধ্য হন।