সোমবার, ১১:২৭ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রিয়ালের হোঁচটের সুযোগে বার্সা ৭ পয়েন্ট এগিয়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

লা লিগার শিরোপা লড়াই কি তবে শেষ অঙ্ক ছুঁয়ে ফেলল? মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের অভাবনীয় হার এবং অ্যাতলেতিকো মাদ্রিদের দুর্গ জয় করে বার্সেলোনার ২-১ গোলের জয় এই দুই ফলে লিগ টেবিলের চূড়ায় ৭ পয়েন্টে এগিয়ে গেল হানসি ফ্লিকের দল। লিগের বাকি মাত্র ৮ রাউন্ড, আর এই ব্যবধান এখন কাতালানদের হাতে তুলে দিচ্ছে টানা দ্বিতীয় শিরোপার চাবিকাঠি।

মায়োর্কার কাছে রিয়াল স্তব্ধ : শনিবার দিনের শুরুতে মায়োর্কার মাঠে খেলতে নেমে বড় ধাক্কা খায় আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ। রেলিগেশন জোন থেকে বাঁচার লড়াইয়ে থাকা মায়োর্কা শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ম্যাচের ৪১ মিনিটে পাবলো মাফেয়োর ক্রস থেকে মানু মোরলানেস দারুণ ফিনিশিংয়ে স্বাগতিকদের এগিয়ে দেন।

পিছিয়ে পড়ার পর রিয়াল গোল শোধে মরিয়া হয়ে উঠলেও মায়োর্কার গোলরক্ষক লিও রোমান ছিলেন চীনের প্রাচীর হয়ে। কিলিয়ান এমবাপ্পের দুটি নিশ্চিত সুযোগ এবং আর্দা গুলারের নিচু শট রুখে দিয়ে রিয়ালকে হতাশ করেন তিনি। ম্যাচের ৮৮ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের কর্নার থেকে এডার মিলিতাও হেডে গোল করে রিয়ালকে সমতায় ফেরান (১-১)। কিন্তু নাটকের তখনো বাকি ছিল। ম্যাচের ইনজুরি টাইমের প্রথম মিনিটে ভেদাত মুরিচি লিগে নিজের ১৯তম গোলটি করে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ২-১ ব্যবধানের এই হারে রিয়ালের শিরোপা স্বপ্ন বড়সড় ধাক্কা খেল।
বার্সেলোনার নাটকীয় জয় : রিয়ালের হারের খবর মাথায় নিয়ে মেত্রোপলিতানো স্টেডিয়ামে অ্যাতলেতিকোর মুখোমুখি হয় বার্সেলোনা। সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার, আর বার্সা সেটা কাজে লাগিয়েছে দারুণভাবে। যদিও ম্যাচের শুরুতে ৩৯ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। কিন্তু সেই আনন্দ স্থায়ী ছিল মাত্র তিন মিনিট। মার্কাস র‌্যাশফোর্ড ও দানি ওলমোর দারুণ রসায়নে র‌্যাশফোর্ডের নিচু শটে সমতায় ফেরে বার্সা।

বিরতির ঠিক আগে লামিনে ইয়ামালকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাতলেতিকোর নিকোলাস গঞ্জালেজ। ১০ জনের দলের বিপক্ষে প্রথমার্ধের বাকি সময় এবং পুরো দ্বিতীয়ার্ধ আধিপত্য বিস্তার করে খেলে বার্সা। হিরো হওয়ার জন্য বদলি হিসেবে নামা রবার্ট লেভানডফস্কিই ছিলেন যথেষ্ট। ৮৭ মিনিটে জোয়াও কানসেলোর শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে আলতো ছোঁয়ায় জয়সূচক গোলটি করেন এই পোলিশ স্ট্রাইকার।

লিগ টেবিলের বর্তমান চিত্র : এই জয়ের ফলে লা লিগার শিরোপা ধরে রাখার পথে অনেকটা এগিয়ে গেল বার্সেলোনা। লিগে আর মাত্র ৮ রাউন্ড বাকি থাকতে বার্সেলোনার পয়েন্ট এখন দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট বেশি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগে এমন জয় নিশ্চিতভাবেই বার্সা শিবিরকে আত্মবিশ্বাস জোগাবে, অন্যদিকে রিয়ালকে এখন তাকিয়ে থাকতে হবে অলৌকিক কিছুর দিকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com