মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
শুক্রবার (১ মে) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে উপস্থিত হন তারেক রহমান। এর আগে মঞ্চে উপস্থিত হন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর আড়াইটায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আয়োজন শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয় শ্রমিক সমাবেশ। এর আগে মনোজ্ঞ এক সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের একত্রিত করা হয়।
বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।
বিএনপির কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।বিছানো হয়েছে কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।
আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বলে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরে এই প্রথম শ্রমিক সমাবেশে তারেক রহমান অংশ নিচ্ছেন। গত বছর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন।
শ্রমিক সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়া পল্টনে বিএনপির সমাবেশস্থলে আসছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা এলাকা। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, এই সমাবেশে ঢাকা ও আশপাশের নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
এর আগে রাজধানীতে আজ শুক্রবার ভোর থেকেই মুষলধারে বৃষ্টিপাত হয়। ভোর ৫টার পর থেকে সকাল ৭টার কিছু আগ পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এতে বিভিন্ন রাস্তায় ভোরে তুমুল বৃষ্টি, রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। এতে নয়াপল্টন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দুপুরের আগেই পানি নেমে যায়।