ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল ৯টা থেকে মাঝে ১ ঘণ্টা মধ্য বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারও একই সময় পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পরে সব জায়গায় নির্বাচনে হলেও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই নির্বাচন আইনজীবীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
এবার বিএনপি এবং জামায়াত ও স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। তিনি বলেন, এবারের নির্বাচন স্বচ্ছ হবে। ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়াই নির্বাচনে ভোট দিতে পারবেন এবং গণনা স্বচ্ছতার সঙ্গেই হবে।
ঢাকা আইনজীবী সমিতিতে বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৩৭ হাজার। সেখানে ভোটার ২১ হাজারের মতো। এ নির্বাচনে সম্পাদকীয় পদে ১৩ জন, সহ কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩টি পদের অনুকূলে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন বিভিন্ন পদে নমিনেশন বৈধ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল।
জামায়াত ও সমমনা সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল।
এ ছাড়া সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেব বিভিন্ন পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।