আদালতের নির্দেশ কেউ কারো সীমানার মধ্যে অনুপ্রবেশ না করে পুরনো ঘর সংস্কার করার। ওই নির্দেশ অমান্য করেছেন প্রভাবশালী বিএনপি নেতা এস.এম মনিরুজ্জামান। তিনি জোরপূর্বক ঢুকেছেন অন্যের সীমানায়, নির্মাণ করছেন নতুন ঘর। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের। জানা গেছে, উপজেলার জে,এল ৬৯ নং বড় কসবা মৌজার এস,এ রেকর্ডীয় ২০১ নং খতিয়ানের মোট ৮টি দাগের ৬ একর ৮শতক ও জে,এল ৭১নং দক্ষিণ পালরদী মৌজার ১৭৯ নং এস,এ খতিয়ানের ৬টি দাগে মোট ৩ একর ৭৩ শতক জমির রেকর্ডিয় ও ক্রয় সূত্রের মালিকগণ যাতে তাদের মালিকানা অনুযায়ী দখল বুঝে পান সেজন্য জমির একাংশের মালিক আবুল হাসানাত সরদার গং বাদী হয়ে অপরংশের মালিক হারুন অর রশিদ গংদেরকে বিবাদী করে ২০১২ সালের ২২শে মার্চ মোকাম গৌরনদী সহকারী জজ আদালত বরিশাল এর আদালতে ২৬/২০১২ নম্বরের একটি বন্টন মামলা দায়ের করেন।
মামলাটির বাদিপক্ষ ওই বছরের ৯ এপ্রিল বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করেন। দরখাস্তের শুনানিঅন্তে বিজ্ঞ আদালত মামলার বাদী ও ১/২ নং বিবাদী পক্ষকে তফসিল বর্ণিত ভূমিতে দখল অনুসারে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে চলমান ওই মামলার বিবাদী পক্ষের ওয়ারিশ বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস.এম মনিরুজ্জামান গত ১৪ অক্টোবর বিজ্ঞ আদালতের কাছে্ তার বসত গৃহ,রান্নাঘর কাঠ রাখার ঘর, গোয়াল ঘর নিজ দায়িত্বে সংস্কারের প্রার্থনা জানিয়ে একটি দরখাস্ত করেন।
দরখাস্তের শুনানি শেষে বিজ্ঞ আদালত কাউকে কারো সীমানার মধ্যে অনুপ্রবেশ না করে নিজ নিজ খরচায় পুরনো ঘরগুলো সংস্কার করার অনুমতি প্রদান করেন।
আদালতের ওই নির্দেশের পরে বরিশাল উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এস. এম মনিরুজ্জামান গত ১৮ অক্টোবর থেকে জোরপূর্বক মামলার বাদী পক্ষের সীমানার ভেতরে ঢুকে বসতঘরের আদলে একটি বড় আকারের নতুন ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী পক্ষের ওয়ারিশ, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও গৌরনদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নাসির সরদার।
তিনি বলেন, যেখানে আদালতের নির্দেশ রয়েছে কেউ কারো সীমানার মধ্যে অনুপ্রবেশ না করে পুরনো ঘর সংস্কার করার। সেখানে প্রভাবশালী বিএনপি নেতা এস.এম মনিরুজ্জামান তাদের পুরনো ঘর সংস্কার না করে জোরপূর্বক আমাদের সীমানার মধ্যে অনুপ্রবেশ করে বসত ঘরের আদলে বড় আকারের একটি নতুন ঘর নির্মাণ করছেন। যার অবস্থান তাদের বসত ঘর থেকে প্রায় ৩০ ফুট পশ্চিমে, আমাদের সীমানার মধ্যে। এ কাজ করতে গিয়ে তিনি আদালতের নির্দেশ অমান্য করছেন। বিষয়টি আমরা আদালতের নজরে আনব এবং এর প্রতিকার চাইব।
যুবদল নেতা মোঃ নাসির সরদারের অভিযোগ অস্বীকার করে বরিশাল উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এস. এম মনিরুজ্জামান বলেন, নাসির মিথ্যা বলছে। আদালতের অনুমতি নিয়ে নিজ দখলীয় সীমানার মধ্যে আমি ঘর তৈরি করছি। আদালত আপনাকে পুরাতন ঘর সংস্কার করার অনুমতি দিয়েছে। নতুন ঘর নির্মাণ করতে বলনি। অথচ আপনি নতুন ঘর নির্মাণ করছেন এতে আইন অমান্য করা হচ্ছে কিনা? এমন প্রশ্নের জবাবে এস.এম মনিরুজ্জামান বলেন, ঘর তৈরি না করলে আমি কোথায় থাকবো। আমি কি বাইরে থাকবো।