সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ঠেকাতে বরিশালের গৌরনদীতে টানা অভিযান চালাচ্ছে প্রশাসন। তিন দফা অভিযানে একাধিক হামলার শিকার হয়েছেন অভিযানে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, জেলে আটক ও জরিমানা করা হয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের পর এজারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথের নেতৃত্বে আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে জেলে বাদশা প্যাদা ও জুনায়েদ প্যাদাকে আটক করা হয়। এ সময় আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরে বিকেলে আটক দুই জেলেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম।
সূত্রে আরও জানা গেছে, এর আগের দিন একই এলাকায় অভিযানকালে প্রায় ৮-১০টি নৌকাযোগে অর্ধশতাধিক জেলে সংঘবদ্ধভাবে অভিযানে থাকা কর্মকর্তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে। এ সময় এএসআই কামাল হোসেন আহত হন। এ ঘটনায় ওইদিন রাতেই উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় এজারভুক্ত আসামি বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া গ্রামের আনোয়ার হোসেনকে গ্রেফতার করে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর একই এলাকায় অভিযানের সময়ও অনুরূপ হামলার ঘটনা ঘটে। তখন একটি নৌকা জব্দ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, ‘নিষেধাজ্ঞার সময় ইলিশ রক্ষা করতে আমরা প্রতিদিনই নদীতে অভিযান চালাচ্ছি। কিন্তু কিছু অসাধু জেলে পরিকল্পিতভাবে আমাদের টিমের ওপর হামলা চালাচ্ছে। তবুও প্রশাসনের নির্দেশে অভিযান অব্যাহত থাকবে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘মা ইলিশ শিকার ঠেকাতে প্রশাসনের সঙ্গে পুলিশও মাঠে রয়েছে। হামলার ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে এবং এজারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, ‘মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযান চলাকালে কয়েক দফা হামলার ঘটনাও ঘটেছে কিন্তু তবুও অভিযান বন্ধ করা হয়নি। নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত নদীতে টহল অব্যাহত থাকবে।’
এ জাতীয় আরো খবর..