অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীরকে বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার হওয়ায় ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর।
এর আগে সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে স্বপনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাখাওয়াত হোসেন বকুলকে। রুহুল কবির রিজভী পৃথক বিবৃতিতে জানিয়েছেন, জেলার আহ্বায়ক খায়রুল কবির খোকন কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বকুলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সহ-সভাপতি কুতুব উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।