সোমবার, ০৩:৩৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

দ্বীপজেলা ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে হিজলা-মেহেন্দিগঞ্জ হয়ে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ মহাসড়ক নির্মিত হলে ভোলার পাশাপাশি বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদী উপজেলার মানুষের সড়ক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দীর্ঘদিন ধরে নৌযান ও ফেরির ওপর নির্ভরশীল এসব এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের সুযোগ বাড়বে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকলেও সড়কপথে যোগাযোগের সুযোগ তৈরি হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক আমাদের সময়কে জানান, নির্বাচনী ইশতেহারে দ¦ীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি রয়েছে। সে লক্ষ্যে কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তথ্যমতে, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশালের ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রহমতপুর, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা সদর উপজেলায় ইলিশায় যুক্ত হওয়া এই মহাসড়ক নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৬৫ কোটি ৮২ লাখ টাকা। এ প্রকল্পের আওতায় নতুন সড়ক নির্মাণ, বিদ্যমান সড়ক প্রশস্তকরণ, তিনটি বড় সেতু, ১৫টি পিসি গার্ডার সেতু, ভায়াডাক্ট ও ৭০টি বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নদীশাসন, ভূমি অধিগ্রহণ এবং পর্যটনসুবিধা তৈরির প্রস্তাবও রাখা হয়েছে।

প্রস্তাবনা অনুযায়ী, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর থেকে ভোলা সদর উপজেলার সঙ্গে সড়ক সংযোগ স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার ২০ লাখের বেশি মানুষ সরাসরি জাতীয় সড়ক যোগাযোগের আওতায় আসবে। এতে দ্বীপাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা অনেকটাই কমবে।

দুই রুটের মধ্যে ব্যয় ও দূরত্বে এগিয়ে সওজের প্রস্তাব : ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে দুটি রুটের তুলনামূলক প্রস্তাব তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি লাহারহাট-ভেদুরিয়া রুট এবং অন্যটি সওজের প্রস্তাবিত হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুট। তুলনামূলক হিসাবে দ্বিতীয় রুটটিতে ব্যয় অনেক কম হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। বরিশালের লাহারহাট ফেরিঘাট ও ভোলার ভেদুরিয়া ফেরিঘাট রুটে মহাসড়কটি হলে তিনটি নদী ও চর অতিক্রম করে ১০ দশমিক ৮৭৬ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রয়োজন হবে। এ রুটে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। এর মধ্যে নদীশাসনেই ব্যয় হতে পারে প্রায় ১০ হাজার কোটি টাকা।

অন্যদিকে সওজের প্রস্তাবিত হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে তিনটি প্রধান সেতু ও ভায়াডাক্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ রুটে সেতুগুলোর মোট দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৬৫ কোটি ৮২ লাখ টাকা। অর্থাৎ তুলনামূলক হিসাবে লাহারহাট-ভেদুরিয়া রুটের চেয়ে এ রুটে ব্যয় প্রায় ১২ হাজার ৪৩৪ কোটি টাকা কম হতে পারে।

দূরত্বের হিসাবেও সওজের প্রস্তাবিত রুটের কিছু সুবিধা রয়েছে। এ প্রস্তাবে মহাসড়কটি নির্মিত হলে দূরত্বের হিসাব দেখানো হয়েছে— ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-গোসাইরহাট হয়ে ভোলা পর্যন্ত প্রায় ১৫৫ কিলোমিটার এবং পদ্মা সেতু হয়ে ভাঙ্গা থেকে ভোলা পর্যন্ত প্রায় ২৩৭ কিলোমিটার। অন্যদিকে লাহারহাট-ভেদুরিয়া রুটে পদ্মা সেতু-ভাঙ্গা হয়ে ঢাকা থেকে দূরত্ব প্রায় ২২৭ কিলোমিটার। তবে বরিশাল শহর থেকে সওজের প্রস্তাবিত রুটের দূরত্ব প্রায় ৭৬ কিলোমিটার, লাহারহাট-ভেদুরিয়া রুটে যা প্রায় ৫২ কিলোমিটার। অর্থাৎ বরিশাল শহরের সঙ্গে সরাসরি দূরত্বের ক্ষেত্রে প্রথম রুটটির সুবিধা থাকলেও সামগ্রিক ব্যয় ও সড়ক নেটওয়ার্কে সংযুক্তির বিবেচনায় দ্বিতীয় রুটটি গুরুত্ব পেয়েছে।

তিনটি বড় সেতু, নতুন সড়ক ১৬.৯ কিলোমিটার : প্রস্তাবিত প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো হচ্ছে তিনটি বড় সেতু। এর মধ্যে ধর্মগঞ্জ নদীর ওপর ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। এর মূল সেতুর দৈর্ঘ্য ৯০০ মিটার এবং দুই পাশে ৪০০ মিটার ভায়াডাক্ট থাকবে। শান্তিরহাট থেকে দাদপুর সংযোগের জন্য ৩০০ মিটার দীর্ঘ আরেকটি সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। তৃতীয় সেতুটি হবে গণেশপুরা নদীর ওপর। এর দৈর্ঘ্য ১ হাজার ৪০০ মিটার। এর মধ্যে মূল সেতু ১ হাজার ১০০ মিটার এবং দুই পাশে ৩০০ মিটার ভায়াডাক্ট থাকবে। এ ছাড়া ১৫টি পিসি গার্ডার সেতু ও ভায়াডাক্ট নির্মাণ করা হবে। এসব অবকাঠামোর মোট দৈর্ঘ্য ১ হাজার ৪৫০ মিটার। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে ৭০টি বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় ১৬ দশমিক ৯০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হবে। সড়কটির প্রস্থ হবে ১০ দশমিক ৩ মিটার। পাশাপাশি বিদ্যমান ৩৬ কিলোমিটার সড়ক প্রশস্ত ও মজবুত করা হবে। নদীভাঙন ও সড়কের স্থায়িত্ব বিবেচনায় আট কিলোমিটার নদীশাসনের প্রস্তাব রয়েছে। এ জন্য ১৩৭ হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে।

গ্যাস, মৎস্য ও কৃষিতে খুলবে অর্থনৈতিক সম্ভাবনা : এ মহাসড়কের গুরুত্ব শুধু যাতায়াতের মধ্যে সীমাবদ্ধ নয়। ভোলার প্রাকৃতিক গ্যাস, মৎস্যসম্পদ, বিশেষ করে ইলিশ এবং কৃষিপণ্যের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে এসব অঞ্চলের উৎপাদিত পণ্য দ্রুত দেশের বিভিন্ন বাজারে নেওয়া সম্ভব হবে। এতে পরিবহন ব্যয় ও সময় কমার পাশাপাশি কৃষক, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। ভোলার উদ্বৃত্ত গ্যাস জাতীয় গ্রিডে স্থানান্তর এবং নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে প্রকল্প প্রস্তাবে। নিরবচ্ছিন্ন যোগাযোগ তৈরি হলে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, পণ্য পরিবহন এবং বিনিয়োগের পরিবেশ উন্নত হতে পারে। বিশেষ করে হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদীর মতো যোগাযোগে পিছিয়ে থাকা এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবে পর্যটনসুবিধা তৈরির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। আধুনিক পর্যটক বিশ্রামাগার, নদীর সৌন্দর্য উপভোগের জন্য রিভারফ্রন্ট ভিউয়িং জোন, শিশু পার্ক, হস্তশিল্প কর্নার ও সবুজ বেষ্টনী নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে মহাসড়কটি শুধু যোগাযোগ অবকাঠামো নয়, পর্যটন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেরও সহায়ক হতে পারে।

চার বছরে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য : প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ছয় মাসে বিস্তারিত জরিপ ও নকশা প্রণয়ন করা হবে। এরপর ২০২৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ চলবে।

২০২৮ সালের প্রথম ছয় মাসে ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৮ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত সড়ক ও সেতু নির্মাণকাজ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট অবকাঠামো পরিকল্পনা বাস্তবায়িত হলে ভোলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত দুর্ভোগ কমার পাশাপাশি হিজলা ও মেহেন্দিগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসতে পারে। নদীবেষ্টিত জনপদগুলোকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করার মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এখন জরিপ, নকশা, ভূমি অধিগ্রহণ এবং অর্থায়নসহ পরবর্তী প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়াই হবে প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com