বরিশালের গৌরনদীতে মানিক বেপারীর হাতের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মুন্না খানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে টানা ১১ দিন আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেপ্তার মুন্না খান গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বাবুল খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মানিক বেপারীর ওপর হামলার ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়েরের পর থেকেই আত্মগোপনে চলে যান মুন্না খান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ঢাকার হাতিরঝিল থানা এলাকায় তাঁকে আটক করে এসআরবি (SRB)। পরে তাঁকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়।
খবর পেয়ে গৌরনদী থানার সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম ও এএসআই কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার হাতিরঝিল থানা থেকে মুন্না খানকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর..