সোমবার, ০১:২৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

‘হৃদয়কে থামাতে আমরা সব ধরনের চেষ্টা করেছি’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

কাগিসো রাবাদা নিজের বোলিং প্রান্তে দাঁড়িয়ে ম্যাচের প্রথম বলটি করার প্রস্তুতি নিচ্ছিলেন। ৭৬ টেস্টের ক্যারিয়ারে এর আগে ৪২ বার এমন অভিজ্ঞতা হয়েছে তার। তবে এবার মাথায় ঘুরছিল একটাই চিন্তা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাবাদা বলেন, ‘বলটা যেন শর্ট ও ওয়াইড না হয়, শর্ট ও ওয়াইড না হয়। এরপর বলটি অফ স্টাম্পের ওপর পড়ল এবং ব্যাটের কানায় লেগে গেল।’

৩৫১ টেস্ট উইকেটের মালিক রাবাদার ক্যারিয়ারে মাহফিজুল ইসলামের উইকেটটি ছিল কোনো টেস্ট ম্যাচের প্রথম বলেই পাওয়া প্রথম শিকার। অর্থাৎ ক্রিকেটের অন্যতম সেরা বোলারের জন্যও নতুন অভিজ্ঞতার দরজা খোলা থাকে।

দিনের খেলা শেষে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ঘটেছে আরও অনেক অভূতপূর্ব ঘটনা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ টেস্ট সংগ্রহ গড়েছে বাংলাদেশ। এর আগে তাওহীদ হৃদয় ও লিটন দাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ জুটি। অথচ রাবাদার একক নৈপুণ্যে একসময় ১২১ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই বিপর্যয় সামলে দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩২৭ রান।

বাংলাদেশের জন্য ঘটনাগুলো নতুন হলেও দক্ষিণ আফ্রিকার কাছে বিষয়টি অনেকটা পুরোনো অভিজ্ঞতার পুনরাবৃত্তি। রাবাদার কথাতেও উঠে এসেছে সেই স্মৃতি।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও এমন হয়েছিল। আমরা তাদের ১২৪ রানে ৬ উইকেটে নামিয়ে এনেছিলাম। অথচ শেষ পর্যন্ত তারা ৩০০ রানের বেশি করেছিল। আমার মনে হয়, এখানেও পরিস্থিতি অনেকটা একই রকম।’

ছয় সপ্তাহেরও কম সময় আগে কিংসমিডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের উদ্বোধনী দিনেও দাপট দেখিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত ৩৯০ রান করেছিল অস্ট্রেলিয়া। এবার বাংলাদেশের সংগ্রহ ৩২৭ রান, হাতে রয়েছে আরও চার উইকেট।

তাহলে কি আগের ভুল থেকে শিক্ষা নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা? নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগেছে দলটি?

রাবাদা স্বীকার করেছেন, হৃদয় ও লিটনের ২০০ রানের জুটি তিনি প্রত্যাশা করেননি। তবে অস্ট্রেলিয়া সিরিজের ক্লান্তির কারণে দক্ষিণ আফ্রিকার বোলারদের তীব্রতায় ঘাটতি ছিল, এমন ধারণা মানতে নারাজ তিনি।

রাবাদা বলেন, ‘আত্মতুষ্টিতে ভোগা থেকে নিজেদের দূরে রাখাই ছিল আমাদের অন্যতম লক্ষ্য। আমার মনে হয় না, আমরা আত্মতুষ্টি নিয়ে মাঠে নেমেছিলাম। পুরো সপ্তাহ আমরা কঠোর অনুশীলন করেছি, সত্যিই অনেক পরিশ্রম করেছি। প্রচণ্ড গরমও ছিল।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের ধকলও আমাদের ওপর কিছুটা প্রভাব ফেলেছে। আমার মনে আছে, প্রথম স্পেল শেষ করার পর মনে হচ্ছিল যেন ৪০ ওভার বোলিং করে ফেলেছি। তবে ক্রিকেটের বাস্তবতা বুঝতে হবে। সামনে যে সূচি থাকবে, সেই অনুযায়ীই পারফর্ম করতে হবে।’

তবে দক্ষিণ আফ্রিকার সমস্যার কারণ হিসেবে বোলিংয়ে ধারাবাহিক চাপ ধরে রাখতে না পারা এবং উইকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারার বিষয়টি তুলে ধরেছেন রাবাদা। অনেকের ধারণা ছিল, ওয়ান্ডারার্সের উইকেট পেসারদের বেশি সহায়তা করবে।

রাবাদা বলেন, ‘ওয়ান্ডারার্সে বোলিং করা সহজ নয়। লেংথে একটু ভুল হলেই, বল বেশি ছোট বা বেশি ফুল হলে, ব্যাটাররা শাস্তি দিতে পারে। আমরা নিজেদের প্রত্যাশা অনুযায়ী জুটি বেঁধে বোলিং করতে পারিনি। এখানে সেটিই সবচেয়ে বেশি প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা হয়তো কিছু জায়গায় তাদের চাপমুক্ত হওয়ার সুযোগ দিয়েছি। বিশেষ করে পুরোনো বলে যথেষ্ট ডট বল কিংবা উইকেট নেওয়ার মতো বল করতে পারিনি। বিষয়টি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট নই। তবে এখন আমরা যে অবস্থানে আছি, সেখান থেকেই লড়াই করতে হবে।’

দক্ষিণ আফ্রিকার জন্য স্বস্তির বিষয়, দ্বিতীয় নতুন বলের বয়স এখনো মাত্র চার ওভার। প্রথম নতুন বলে তারা যেভাবে সাফল্য পেয়েছে, তাতে নতুন বলের সর্বোচ্চ ব্যবহার করার সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী থাকতে পারে স্বাগতিকেরা।

এ ছাড়া হৃদয়কেও আউট করতে পেরেছে তারা। এর আগে পটচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের ‘এ’ দলের হয়ে নিজের একমাত্র অন্য লাল বলের ইনিংসে অপরাজিত ৩৫০ রান করেছিলেন হৃদয়। এবারও দুর্দান্ত ব্যাটিংয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

হৃদয়ের প্রশংসা করে রাবাদা বলেন, ‘সে অসাধারণ খেলেছে। আমরা আমাদের সব ধরনের চেষ্টা করেছি। সত্যিই সবকিছু দিয়েছি। আর কী বলব! তার প্রতি সম্মান জানাতেই হয়।’হৃদয়ের সঙ্গে ৯৯ রানের জুটি গড়া তানজিদ হাসান মনে করেন, মধ্যাহ্নবিরতির পর উইকেট ক্রমেই ব্যাটিংয়ের জন্য ভালো হয়ে উঠেছিল। তবে রাবাদা কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের।তার মতে, ‘তারা নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করেছে, দারুণ শৃঙ্খলা দেখিয়েছে। তাদের আউট করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।’

এ ছাড়া বাউন্সার দিয়ে বাংলাদেশি ব্যাটারদের চাপে ফেলতে না পারার বিষয়টিও স্বীকার করেছেন রাবাদা। তার মতে, উইকেট কিছুটা মন্থর থাকায় শর্ট বল প্রত্যাশিত গতিতে ব্যাটারের কাছে পৌঁছায়নি। ফলে বাউন্সার থেকে কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া যায়নি।

সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে বড় একটি সমস্যা স্পষ্ট হয়ে উঠেছে। শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলেও সেই সুবিধা ধরে রাখতে পারছে না দলটি। বরং বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখান থেকে পরে ঘুরে দাঁড়ানোর লড়াই করতে হচ্ছে তাদের।

প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো ও লড়াই চালিয়ে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার সুনাম রয়েছে। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হলে নিজেদের খেলায় আরও একটি গুণ যোগ করতে হবে বলে মনে করেন রাবাদা।তার ভাষায়, ‘আমাদের আরও নির্মম হতে হবে।’

রাবাদা আরও বলেন, ‘কেন বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, তা আমরা আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করব। এখন পর্যন্ত খেলা উইকেটগুলোর মধ্যে এটিই সবচেয়ে বেশি পেস ও বাউন্স পাওয়া যায় এমন উইকেট। আমাদের বোলিংয়ের ধরনের সঙ্গে এটি মানানসই। বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে।’

তিনি যোগ করেন, ‘পরিস্থিতি পুরোপুরি আমাদের অনুকূলে না থাকলে মানিয়ে নিতে হবে। পুরোনো বলে কীভাবে আরও নির্মম হওয়া যায়, সেটিও খুঁজে বের করতে হবে। আপাতত আমার কাছে সব প্রশ্নের উত্তর নেই। তবে বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com