শনিবার, ০৫:৫৫ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

জীবনযাত্রায় এসেছে নানা পরিবর্তন। প্রযুক্তির কল্যাণে দৈনন্দিন কাজ সহজ হলেও কমেছে শারীরিক পরিশ্রম। অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, ধূমপান ও ব্যায়ামের অভাবের কারণে বাড়ছে নানা অসংক্রামক রোগ। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও থাইরয়েডের সমস্যা এখন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। কখনো এসব রোগ একসঙ্গেও আক্রান্ত করছে মানুষকে।

ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে প্রবীণ চিকিৎসক ও অধ্যাপক ডা. সুকুমার মুখোপাধ্যায় এসব রোগের কারণ, ঝুঁকি ও প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

কেন বাড়ছে এসব রোগ?

চিকিৎসকের মতে, একসময় সংক্রামক রোগ মানুষের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি ছিল। বর্তমানে সেই জায়গা দখল করেছে অসংক্রামক ও বিপাকীয় রোগ। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। আগে দৈনন্দিন চলাফেরায় হাঁটা, সাইকেল চালানো কিংবা অন্যান্য শারীরিক পরিশ্রমের সুযোগ বেশি ছিল। এখন প্রযুক্তিনির্ভর জীবনযাত্রায় মানুষ অনেক বেশি সময় বসে কাটাচ্ছে।

এর পাশাপাশি অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার এবং ব্যায়ামের অভাব ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের ঝুঁকি বাড়াচ্ছে। বংশগত কারণও এসব রোগের ক্ষেত্রে ভূমিকা রাখে।

একসঙ্গে একাধিক রোগ হলে ঝুঁকি বেশি

ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ থাকলে হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিলতার ঝুঁকি বেড়ে যায়। একইভাবে ডায়াবেটিসের সঙ্গে কোলেস্টেরল বেশি থাকলেও বিপদ বাড়ে। কারণ রক্তে অতিরিক্ত চর্বি ধমনিতে জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।

এসব রোগের সম্মিলিত প্রভাবে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনির সমস্যা, চোখের ক্ষতি এবং পায়ের রক্ত চলাচলে জটিলতা দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পায়ের ধমনিতে রক্ত সরবরাহ কমে গিয়ে তীব্র ব্যথা কিংবা গ্যাংগ্রিনও হতে পারে।

থাইরয়েডের সমস্যার সঙ্গে অতিরিক্ত ওজন ও কোলেস্টেরলের সম্পর্কও রয়েছে। বিশেষ করে থাইরয়েডের হরমোনের ঘাটতি থাকলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। ফলে একাধিক সমস্যা একসঙ্গে থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি।

পেটের মেদ বাড়াচ্ছে রোগের ঝুঁকি

বিশেষজ্ঞের মতে, বিপাকীয় রোগের অন্যতম বড় ঝুঁকি হলো পেটের অতিরিক্ত মেদ বা ভুঁড়ি। শরীরের অন্যান্য অংশের তুলনায় পেটে বেশি চর্বি জমলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে।

এ কারণে শুধু শরীরের মোট ওজন নয়, কোমরের মাপের দিকেও নজর রাখা প্রয়োজন। দক্ষিণ এশীয়দের ক্ষেত্রে সাধারণভাবে পুরুষের কোমরের মাপ ৯০ সেন্টিমিটার এবং নারীর ৮০ সেন্টিমিটারের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়।

ধূমপান ও মদ্যপান বাড়ায় বিপদ

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যার সঙ্গে ধূমপান যুক্ত হলে স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যায়। ধূমপান রক্তনালির ক্ষতি করে এবং হৃদ্‌রোগের আশঙ্কা বাড়ায়। অন্যদিকে অতিরিক্ত মদ্যপান রক্তচাপ, ট্রাইগ্লিসারাইড ও লিভারের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞের মতে, ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে তা পরিহার করা জরুরি। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন।

লক্ষণ ছাড়াই বাসা বাঁধতে পারে রোগ

এসব রোগের সবগুলোর ক্ষেত্রে শুরুতে স্পষ্ট উপসর্গ দেখা যায় না। ডায়াবেটিসে অতিরিক্ত ক্লান্তি, পায়ে জ্বালাপোড়া, ঘন ঘন সংক্রমণ কিংবা শরীর দুর্বল লাগতে পারে। তবে অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন কোনো লক্ষণ ছাড়াই রক্তে শর্করা বেড়ে যায়।

উচ্চ কোলেস্টেরলের ক্ষেত্রেও সাধারণত উল্লেখযোগ্য কোনো উপসর্গ থাকে না। অন্যদিকে থাইরয়েডের সমস্যায় ওজনের পরিবর্তন, ক্লান্তি ও শারীরিক নানা অস্বস্তি দেখা দিতে পারে।

তাই শুধু উপসর্গের ওপর নির্ভর না করে প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করা, রক্তচাপ, কোলেস্টেরল ও থাইরয়েড পরীক্ষা করা উচিত।

খাবার ও জীবনযাপনে পরিবর্তন জরুরি

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন। অতিরিক্ত ভাত, মিষ্টি, ভাজাপোড়া, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার কমাতে হবে। খাবারের তালিকায় শাকসবজি, মৌসুমি ফল, ডাল, মাছ, ডিম ও পরিমিত প্রোটিন রাখতে হবে।

বিশেষ করে অতিরিক্ত লবণ গ্রহণ এড়িয়ে চলা উচিত। কাঁচা লবণ খাওয়ার অভ্যাসও বাদ দেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা জরুরি।

কখন সতর্ক হবেন?

শরীরের ওজন, কোমরের মাপ, রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। ডায়াবেটিস শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফাস্টিং ব্লাড সুগার, খাবারের পর রক্তে শর্করা এবং এইচবিএ১সি পরীক্ষা করা হয়।

একাধিক বিপাকীয় রোগে আক্রান্ত ব্যক্তিদের হৃদ্‌যন্ত্র, কিডনি, চোখ ও অন্যান্য অঙ্গের স্বাস্থ্যও নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। এতে রোগের কারণে শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, তা আগেভাগে শনাক্ত করা সম্ভব।

বিশেষজ্ঞদের পরামর্শ, বয়স কম বলে এসব রোগের ঝুঁকিকে অবহেলা করা উচিত নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটাচলা, পর্যাপ্ত ঘুম, ধূমপান পরিহার এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এসব রোগের ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com