‘গ্রিন গৌরনদী, ক্লিন গৌরনদী’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে বাগমারা খাল পরিষ্কার অভিযান এবং মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বাগমারা খাল এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ রক্ষা, খালের স্বাভাবিক নাব্য ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করতে জনসচেতনতা সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
২২ নম্বর বাগমারা বড়দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ লতিফ খানের সভাপতিত্বে এবং রাকিব হাসান এলভির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মিছিল’-সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরা এ কর্মসূচিতে সরাসরি অংশ নেন।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, মজিবর বয়াতি, দেলোয়ার হোসেন সরদার, সোরাপ হাওলাদার, আঃ খালেক তালুকদার আদু, মিন্টু মোল্লা এবং বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম কাফি।
বক্তারা বলেন, বার্থী-বাগমারা আমানত খালটি এলাকার কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালটির ওপর ভিত্তি করে অন্তত ২০ থেকে ২৫টি ইরি ব্লকের আবাদ পরিচালিত হয়। কিন্তু খালের বেলি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অপরিকল্পিত সুইচ গেইট থাকার কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে সেচ মৌসুমে পানির অভাবে কৃষকদের ফসলাদি নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কৃষকদের সার্বিক স্বার্থে এই অপরিকল্পিত সুইচ গেইটটি দ্রুত অপসারণের জন্য তারা উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান।
কর্মসূচির শেষে ইউএনও মো. ইব্রাহীম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বাগমারা খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন এবং বিতর্কিত সুইচ গেইট এলাকা সরজমিনে ঘুরে দেখেন।
কৃষকদের আশ্বাস দিয়ে ইউএনও বলেন, “দেশ ও কৃষকের স্বার্থকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই। পরিবেশরক্ষা ও কৃষিকাজের সুবিধার্থে যদি এই সুইচ গেইট অপসারণের প্রয়োজন পড়ে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে উপযুক্ত পদক্ষেপ বিবেচনা করা হবে।” পরবর্তীতে তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলকে নিয়ে একযোগে শপথবাক্য পাঠ করান।
এ জাতীয় আরো খবর..