সোমবার, ০২:০৩ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে গিয়ে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচজন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে। বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে উড্ডয়ন করেছিল। অবতরণের সময় বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে পেরিয়ে গিয়ে এর উত্তর-পশ্চিম প্রান্তে গিয়ে থামে। এ সময় মাটিতে থাকা কয়েকটি যানবাহনেও আঘাত করে বিমানটি। সোমবার ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

মায়ামি-ডেইড কাউন্টির মেয়র দানিয়েলা লেভিন কাভা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।’ তিনি জানান, দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

মায়ামি ফায়ার চিফ রেইড জাদাল্লাহ জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। কয়েকজন আহত ব্যক্তি মাটিতে থাকা গাড়ির ভেতরে কিংবা গাড়ির নিচে আটকা পড়েছিলেন। ফায়ার ও রেসকিউ কর্মীরা তাদের উদ্ধার করেন।

দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। দুই শতাধিক দমকলকর্মী উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আগুন নিভিয়ে ফেলা হলেও ঘটনাস্থলে এখনো জ্বালানি তেল ছড়িয়ে পড়ার সমস্যা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে। ফলে বহু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। যাত্রীদের বিমানবন্দরের কাউন্টারগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করে নতুন করে ভ্রমণসূচি ঠিক করতে দেখা যায়। অনেক যাত্রীকে মায়ামিতে অতিরিক্ত এক রাত থাকতে হতে পারে বলেও জানা গেছে।

অ্যামাজনের পক্ষ থেকে এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনস বিভাগের পরিচালক কেলি ন্যান্টেল বলেন, ‘আজ মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় পাঁচজনের প্রাণহানির খবর জেনে আমরা মর্মাহত।’ তিনি জানান, দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে অ্যামাজন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে।

বিমানটি পরিচালনা করছিল নর্থ ক্যারোলাইনাভিত্তিক চার্টার বিমান সংস্থা ২১ এয়ার। সংস্থাটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি রানওয়ের ব্যবহারযোগ্য অংশ অতিক্রম করার সময় ঘণ্টায় প্রায় ১২৯ মাইল (২০৭ কিলোমিটার) বা ১১২ নট গতিতে ছিল। সংস্থাটি জানিয়েছে, বিমানটি একটি পার্কিং এলাকার কাছে গিয়ে থামে, যেখানে অ্যামাজনের একটি গুদামসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

দুর্ঘটনার সময় মায়ামিতে হালকা বজ্রঝড় এবং দমকা বাতাস ছিল বলে জানিয়েছে ফ্লাইটরাডার২৪। তবে এসব আবহাওয়াগত পরিস্থিতি দুর্ঘটনার কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনাটি তদন্ত করবে। সংস্থাটি সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে লেবার ডে ছুটির সপ্তাহান্তে সাধারণত বিমান চলাচলে ব্যাপক চাপ থাকে। দেশটির পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) জানিয়েছে, লেবার ডে-কে সামনে রেখে এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো দিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ যাত্রী যাতায়াতের পূর্বাভাস ছিল। শুধু রোববারই প্রায় ২৩ লাখ যাত্রী বিমানে ভ্রমণ করবেন বলে ধারণা করা হয়েছিল।

মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি আন্তর্জাতিক পণ্য পরিবহনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহনে দ্বিতীয় ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো বিমানবন্দরের তুলনায় এখান থেকে বেশি ফ্লাইট পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com