তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতিতে একটি বাতিঘরের মতো ভূমিকা পালন করে আসছে। দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়া পরিবার নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়ে জাতিকে পথ দেখিয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাতে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত “গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত” শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে দেশের সংকটময় মুহূর্তে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে সাহস ও দিকনির্দেশনা দিয়েছিলেন। পরবর্তীতে ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতার পর দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রণয়ন করেন এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করার উদ্যোগ নেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৯৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সে সময়ের রাজনৈতিক সংকট মোকাবিলায় বেগম খালেদা জিয়া সাংবিধানিক পন্থা অনুসরণ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জাতীয় সংসদে ত্রয়োদশ সংশোধনী পাসে ভূমিকা রাখেন। নির্বাচনে পরাজয়ের পরও তিনি গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে বিরোধী দলের দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, ২০০৬ সালের রাজনৈতিক সংকট ও পরবর্তী ১/১১ পরিস্থিতিতেও খালেদা জিয়া ধৈর্য ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেন। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বিএনপি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান বর্তমানে দলের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির গৌরনদী উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এমপি।
সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর..