জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে লোকমান হোসেন মোল্লা (২৩) নামের এক যুবককে হাতুরি পেটা করে আহত করেছে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী এক সদস্য ও তার স্বজনরা। ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ আগস্ট) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামে।
ওইদিন দুপুরে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা ওই গ্রামের নিজাম মোল্লার ছেলে লোকমান হোসেন মোল্লা অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে তাদের ১৬ শতক জমি জোরপূর্বক দখল নেয়ার জন্য বিভিন্নধরনের ষড়যন্ত্র করে আসছিলো একই গ্রামের বাসিন্দা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরিকল ইউনিয়ন কমিটির প্রভাবশালী সদস্য নাসির মোল্লা।
তিনি আরও বলেন, দানবখ্যাত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের প্রধান ক্যাডার নাসির মোল্লা বিগত সরকারের সময় এলাকায় এমন কোন অপরাধ কর্মকান্ড নেই যা তিনি করেননি।
নিজাম মোল্লা অভিযোগ করে বলেন, তার ১৬ শতক জমি দখল করার জন্য নাসির বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিলো। যেকারনে তিনি সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে মীমাংসা বৈঠকে বসার পর নাসির মোল্লা তার পক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি। যেকারণে সালিশ বৈঠকে তার (নিজাম) পক্ষে রায় দিয়ে রোয়েদাতনামা করে দেওয়া হয়।
নিজাম মোল্লা আরও বলেন, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই জমিতে আমি কাজ করার সময় নাসির মোল্লা, তার ছেলে লিক্সন মোল্লা, লিকন মোল্লাসহ তাদের আরো ৪/৫ জন সহযোগিরা জোরপূর্বক জমি থেকে আমাকে (নিজাম) টেনে হেচরে পাড়ে তুলে তাড়িয়ে দেয়।
খবর পেয়ে আমার ছেলে লোকমান হোসেন ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে উল্লেখিতরা তাদের সাথে থাকা হাতুরি দিয়ে আমার ছেলেকে (লোকমান) পিটিয়ে গুরুত্বর আহত করে।
হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত নাসির মোল্লা বলেন, আমার পৈত্রিক সম্পত্তির ওই জমি নিজাম মোল্লা গংরা জোরপূর্বক দখল করে রেখেছে। বিষয়টি ভিন্নখাতে নিতে তারা এখন হামলার নাটক সাজিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..